Allan Quatermain (অ্যালান কোয়াটারমেইন) নতুন অন্যান্য
Allan Quatermain (অ্যালান কোয়াটারমেইন)

Allan Quatermain (অ্যালান কোয়াটারমেইন)

সারসংক্ষেপ

অ্যালান কোয়াটারমেইন (ইংরেজি: Allan Quatermain) হচ্ছেন হেনরি রাইডার হ্যাগার্ড রচিত কিং সলোমন'স মাইন এবং এর পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন খণ্ডের প্রধান চরিত্র। অ্যালান কোয়াটারমেইন এই সিরিজের একটি বইয়েরও নাম ছিল।

ইতিহাস

কোয়াটারমেইন চরিত্রটি আফ্রিকার দক্ষিণাংশের একজন ইংরেজ পেশাদার পশু শিকারী এবং ব্যবসায়ী। তিনি সভ্যতার আলো অন্ধকার মহাদেশে ছড়িয়ে দেবার ঔপনিবেশিক প্রচেষ্টার সমর্থক, এবং আফ্রিকান অধিবাসীদের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নিজেদের মত থাকা সমর্থন করেন। কোয়াটারমেইনের কাছে ইংরেজ শহর এবং আবহাওয়া অসহ্য বোধ হয়, কারণ তিনি একজন বহির্মুখী মানুষ। যে আফ্রিকাতে তিনি ছোটবেলায় তার বিপত্নীক খ্রিষ্ট ধর্ম প্রচারক বাবার আদরে মানুষ হয়েছেন, সেখানেই তিনি সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রথম দিকের উপন্যাসগুলোতে আফ্রিকান আদিবাসীরা কোয়াটারমেইনকে মাকুমাজন বলে সম্বোধন করে, যার অর্থ "রাতের প্রহরী", যেটা তার নৈশকালীন অভ্যাস এবং তীক্ষ্ণ বিবেচনাবোধের পরিচায়ক। পরবর্তীকালে মাকুমাজনকে মাকুমাজনার সংক্ষিপ্ত রূপ হিসেবে দেখান হয়েছে, যার অর্থ "উৎকৃষ্ট মানব"। কোয়াটারমেইনের পার্শ্বচর হিসেবে প্রায়ই লক্ষ্য করা যায় হটেনটট হানস এর উপস্থিতি, যে কিনা একজন বিচক্ষন এবং দায়িত্বশীল ভৃত্য। তার শ্লেষাত্মক উক্তিগুলোতে ইউরোপিয়ান আদব কায়দার প্রতি তাচ্ছিল্য প্রকাশ পায়। তার শেষ অভিযানে কোয়াটারমেইনের সঙ্গী হন দুজন ব্রিটিশ, স্যার হেনরি কার্টিস ও রয়াল নেভির ক্যাপ্টেন জন গুড এবং আফ্রিকান বন্ধু উমস্লপোগাস।

চরিত্র এবং বেশভূষা

কোয়াটারমেইন হলেন প্রবীণ, খর্বাকৃতি, শীর্ণ, এবং আকর্ষণহীন চেহারার অধিকারী। তার দাড়ি এবং খাড়া চুল ছিল। তার যে বৈশিষ্ট্যটি সবার চোখে পরে তা হল তার অব্যর্থ নিশানা। লক্ষ্যভেদে তার তুলনা ছিলেন তিনি নিজেই। কোয়াটারমেইন জানতেন, তার প্রিয় আফ্রিকান বনানীকে ধ্বংসের পিছে তার মত শিকারীদের ভূমিকা অনেক বেশি। জীবনের অনেকটা সময় পেরিয়ে আসার পর তিনি যখন দেখলেন যে তার কাছে জীবিকা নির্বাহের আর কোন উপায় নেই, তখন তিনি বাধ্য হলেন শিকার চালিয়ে যেতে।
কোয়াটারমেইনের পরিবারের ব্যাপারে খুব সামান্যই জানা যায়। তিমি ডারবানে বাস করেন, যা দক্ষিণ আফ্রিকার নাটালের অন্তর্গত। দুবার বিয়ে করা সত্ত্বেও কোনবারই বেশিদিন স্ত্রীর সাহচর্য ভোগ করতে পারেননি। খুব দ্রুত তা স্ত্রীরা পৃথিবী ত্যাগ করেন। তার আদরের পুত্র ছিল হ্যারি। হ্যারির মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাচ্ছন্ন হন, যার প্রকাশ ফুটে উঠে অ্যালান কোয়াটারমেইন নামের উপন্যাসে। হ্যারি কোয়াটারমেইন চিকিৎসাবিদ্যার শিক্ষার্থী হিসেবে একটি হাসপাতালে কর্মরত অবস্থায় গুটিবসন্তে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। লেখক কোয়াটারমেইনের উপন্যাসগুলো ধারাবাহিকভাবে না লেখার কারণে কিছু জায়গায় ত্রুটি দেখা দিয়েছে।